সুনামগঞ্জে ছাত্রলীগের মিছিল, ১৯ জনের বিরুদ্ধে মামলা

শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার রসুলগঞ্জ এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের শোক র্যালি ও বিক্ষোভ মিছিল করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক ও শ্রীধরপুর গ্রামের বাসিন্দা সোহাগ তালুকদার বাদী হয়ে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ১৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে এ মামলা করেন।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ উল্লাহ ভূঁইয়া।
মামলায় আসামিরা হলেন—বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. তৈয়বুর রহমান (৪৪), জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মেহেদী হাসান সাকিব (২৬), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন (৫১), ছাত্রলীগ নেতা সাগর মিয়া (২৫), জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে (২৮), সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাফায়াত জামিল (২৬), তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সালমান মিয়া (২৭), সহ-সাধারণ সম্পাদক মুক্তার হোসেন আজাদী (২৮), ছাত্রলীগ নেতা আজহার মিয়া (৫২), শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি রাজন পাল (৩০), শ্রীপুর উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রাজা (২৫), দপ্তর সম্পাদক সাব্বির মিয়া (৩৩), শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ খান (২৮), শ্রীপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সজল মিয়া (২৯), ছাত্রলীগ নেতা হৃদয় মিয়া (২৪), বিশ্বম্ভরপুরের সলুকাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য দেলোয়ার হোসেন (৫২), পলাশ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সেলিম মিয়া (৩০), বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের সভাপতি খালেদ তালুকদার (৪৫) ও শাহিন মিয়া (২৫)। এছাড়া মামলায় আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বাদী সোহাগ তালুকদার উল্লেখ করেন, নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে কাজ করছেন। আসামিরা পূর্বপরিকল্পিতভাবে এলাকার জনসাধারণের মধ্যে আতঙ্ক তৈরি করতে রসুলপুর জামিয়া আবু হুরাইরা (রা.) এতিমখানা মাদ্রাসা সংলগ্ন বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ প্রধান সড়কের ওপর জমায়েত হয়ে মিছিল ও সমাবেশ করেছেন।
এর আগে শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে গত ১৯ আগস্ট সকালে সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের বিশ্বম্ভরপুর উপজেলার রসুলপুর পয়েন্ট এলাকায় শোক র্যালি ও বিক্ষোভ মিছিল বের করেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মেহেদী হাসান সাকিবের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা সেই র্যালি ও মিছিলে অংশ নেন।


