হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহে আরও এক শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ৫০ শিশুর মৃত্যু হলো।
শনিবার (১৩ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে আরও ১৯ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ১০০ শিশু।
গোলাম মাওলা বলেন, গত ২ জুন সন্ধ্যা সাড়ে ৭টার পর কিশোরগঞ্জের ইটনা থেকে ১০ মাসের শিশু ছেলেকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শিশুটি হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়ায় ভুগছিল। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে হামের উপসর্গসহ সংক্রমণজনিত মারাত্মক শক, নিউমোনিয়া, বাম পাশের ফুসফুসের আবরণীর (প্লুরা) মধ্যে অস্বাভাবিকভাবে তরল জমা হওয়ায় শিশুটি মারা যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে ১৩ জুন সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট দুই হাজার ৬২ শিশু ভর্তি হয়েছে। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ৯১২ শিশু। তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
