বাবার শাবলের আঘাতে প্রাণ গেল ছেলের

দিনাজপুরের পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে নুরুজ্জামান (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) উপজেলার হরিরামপুর ইউনিয়নের দক্ষিণ হরিরামপুর মোল্লাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নুরুজ্জামান ওই গ্রামের শরিফুল ইসলামের (৪০) ছেলে।
খবর পেয়ে বিকেলে পার্বতীপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত বাবা শরিফুল ইসলামকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়িতে মাটির ঘরের কাঠের দরজা সংস্কারের কাজ করছিলেন শরিফুল ইসলাম ও তার ছেলে নুরুজ্জামান। কাজ করার সময় কথা-কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শরিফুল ইসলাম হাতে থাকা শাবল দিয়ে নুরুজ্জামানের মাথায় আঘাত করেন। এতে নুরুজ্জামান মারাত্মক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ও মামলার তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নিজ বাড়ি থেকেই অভিযুক্ত শরিফুল ইসলামকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। অভিযুক্ত বাবা শরিফুল ইসলামকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।
.png)





