সিলেটে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বেলা সাড়ে তিনটার দিকে পৌর এলাকার সরকারি এমসি একাডেমির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আব্দুর রহমান (৩৫) ও ঝরনা বেগম (৪৫)। আব্দুর রহমান সুনামগঞ্জের ছেংবিল এলাকার হোসেন আলীর ছেলে এবং ঝরনা বেগম নেত্রকোনার তেলিহাটি এলাকার হলুদ মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুর রহমান ও ঝরনা বেগম কাজের সুবাদে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে গোলাপগঞ্জ পৌর এলাকার দাড়িপাতন গ্রামে বসবাস করতেন। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে একটি ট্রাকের বডি তুললে বডিটি বিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, বিদ্যুতায়িত হয়ে দুজন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।




