logo

৯ শিক্ষকের একজন শিক্ষার্থী, এবারও ফেল

৯ শিক্ষকের একজন শিক্ষার্থী, এবারও ফেল
রংপুরের পীরগাছা উপজেলার কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজ‌। ছবি: এশিয়া পোস্ট

রংপুরের পীরগাছা উপজেলার কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজ‌ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থীও ফেল করেছে। কলেজে নয়জন শিক্ষক থাকলেও একমাত্র শিক্ষার্থী পাস না করায় পাঠদানের মান নিয়ে প্রশ্ন উঠেছে। গত বছরও প্রতিষ্ঠানটি থেকে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছিল।

কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজটি ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির স্কুল শাখা এমপিওভুক্ত হলেও কলেজ শাখা এখনও এমপিওভুক্ত হয়নি। ২০১১ সালে কলেজ শাখা চালু করা হয়। বর্তমানে কলেজটিতে নয়জন শিক্ষক রয়েছেন।

কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল বারী জানান, দীর্ঘ সময় পার হলেও কলেজ শাখাটি এখনও এমপিওভুক্ত হয়নি। বর্তমানে কলেজে নয়জন শিক্ষক রয়েছেন। নিজস্ব পাকা একাডেমি দেখানো হলেও বাস্তবে সেটি নেই। পুরোনো অবকাঠামো নিয়েই চলছে পাঠদান।

অধ্যক্ষের দাবি, এমপিওভুক্ত না হওয়া এবং প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধার অভাবে ভালো মানের শিক্ষার্থীরা এ কলেজে ভর্তি হতে আগ্রহী হয় না। ফলে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমছে। এরই ধারাবাহিকতায় এ বছর মানবিক বিভাগ থেকে মাত্র একজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। কিন্তু ওই শিক্ষার্থীও একটি বিষয়ে অকৃতকার্য হয়েছে।

এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় ১ লাখ ১১ হাজার ১৭৯ জন শিক্ষার্থী অংশ নেয়। উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৩৯৬ জন। পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। এবার এই বোর্ডের অধীনে মোট ৬৬৮টি কলেজের মধ্যে ৪৯টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।