হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহে আরও ২ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে মোট ১২ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬ শিশু ভর্তি হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ৭৩ শিশু।
রোববার (১২ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এনব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার রাত ১০টার পর ময়মনসিংহের ফুলপুর থেকে ৯ মাস বয়সি শিশু ছেলেকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে পরিবার। হামের উপসর্গ থাকা অবস্থায় তার যথাযথ চিকিৎসা চলছিল। রাত ১টার দিকে শিশুটির হার্ট ফেইলিউর, নিউমোনিয়াসহ সন্দেহভাজন হাম রোগে মারা যায়।
অগের দিন শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলার গৌরীপুর থেকে ১০ মাস বয়সি শিশু ছেলেকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে পরিবার। নিউমোনিয়াসহ হামের উপসর্গ নিয়ে শনিবার রাত ১১টার দিকে এই শিশুটিও মারা যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে ১২ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৯৭ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩১২ শিশু এবং ১২ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২৮ শিশু। বর্তমানে চিকিৎসাধীন ৭৩ শিশু।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সব শিশুকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।