বিএনপির দুপক্ষের সংঘর্ষ, এক নেতার অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জেরে বিএনপির দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছুরিকাঘাতে যুবদল নেতা নাসির উদ্দিন বিপ্লব ও যুবদলকর্মী ঘোষণা কবির আহত হন। তাদের মধ্যে কবিরের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনার পর ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক সড়ক অবরোধ করে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন বিএনপির এক পক্ষের নেতাকর্মীরা। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুপাশে আটকা পড়ে বিভিন্ন যানবাহন।
শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার হেঁয়াকো বাজারের কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার (৮ নভেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় বর্তমান সংসদ সদস্য সরোয়ার আলমগীরের অনুসারী হিসেবে পরিচিত যুবদল নেতা নাসির উদ্দিন বিপ্লব এবং কর্নেল আজিম উল্লাহ বাহার চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ঘোষণা কবির ছুরিকাঘাতে আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রামগড় ও ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে ঘোষণা কবিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্যদিকে নাসির উদ্দিন বিপ্লব ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্র জানায়, সংঘর্ষের পর এক পক্ষের কর্মী-সমর্থকরা ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, গতকাল রাত ১০টার দিকে সংঘর্ষের খবর পেয়ে দাঁতমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষকে শান্ত করে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
