logo

বসতভিটার ওপর দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বসতভিটার ওপর দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তালুকদার পরিবার। ছবি : এশিয়া পোস্ট

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নে পৈতৃক বসতভিটার ওপর দিয়ে জোরপূর্বক সড়ক নির্মাণ ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সদস্যসচিব জাকারিয়া তসলিমের বিরুদ্ধে। এসব অভিযোগ তুলে পৈতৃক সম্পত্তির অধিকার রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে ভুক্তভোগী তালুকদার পরিবার।

বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় তালুকদার পরিবারের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন মাস্টার জাফরুল হক তালুকদার।

লিখিত বক্তব্যে জাফরুল হক তালুকদার বলেন, মুছাপুর ইউনিয়নে তাদের পরিবার দীর্ঘদিন ধরে বংশপরম্পরায় পৈতৃক সম্পত্তি ভোগদখল করে আসছে। তবে গত দুই বছর ধরে প্রতিবেশী জাকারিয়া তসলিম তাদের বসতভিটার মাঝখান দিয়ে সড়ক নির্মাণের চেষ্টা চালিয়ে আসছেন বলে অভিযোগ করেন তিনি।

জাফরুল হকের অভিযোগ, সড়ক নির্মাণে বাধা দেওয়ায় পরিবারের সদস্য গিয়াস উদ্দিন তালুকদারকে হয়রানি করা হচ্ছে। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এ ছাড়া অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তালুকদার বাড়িতে হামলা এবং পরিবারের সদস্যদের নিয়মিত হুমকি দেওয়ার অভিযোগও তোলেন।

জাফরুল হক বলেন, তাদের জমির ওপর দিয়ে আগে জনসাধারণের চলাচলের কোনো রাস্তা ছিল না। বাড়ির পশ্চিম পাশে সোলায়মান সড়ক এবং উত্তর পাশে চলাচলের রাস্তা রয়েছে। এরপরও জোরপূর্বক সড়ক নির্মাণের চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি। বিষয়টি উপজেলা বিএনপির নেতাদের ও থানা প্রশাসনকে জানানো হলেও তারা প্রত্যাশিত প্রতিকার পাননি বলে অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে বাংলাবাজার ও গাছতলীর হাট-ঘাট এলাকায় এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে আনুমানিক সাত থেকে আট লাখ টাকার মাছ ছিনিয়ে নেওয়ার অভিযোগও তোলা হয়। লিখিত বক্তব্যে বলা হয়, পরে উপজেলা বিএনপির সদস্যসচিব আলমগীর ঠাকুর ও যুবদলের আহ্বায়ক নিঝুম খানের মধ্যস্থতায় জরিমানা দিয়ে বিষয়টি মীমাংসা করা হয়।

এ ছাড়া গত ২১ অক্টোবর মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কেরানী মার্কেট এলাকায় ব্যবসায়ী সাহাব উদ্দিনের ওপর হামলার ঘটনায় জাকারিয়া তসলিম ও তার অনুসারীদের দায়ী করা হয় সংবাদ সম্মেলনে। এতে গুরুতর আহত সাহাব উদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানানো হয়। এসব অভিযোগের বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন জাফরুল হক তালুকদার।

সংবাদ সম্মেলনে সাইফুল মূলক শিপন, আলমগীর তালুকদার, মুহাম্মদ শোয়াইব উদ্দিন হায়দার, মো. সাইমুন, আইনজীবী আরাফাত হাসান, ইমতিয়াজ উদ্দিন, রাশেদুল মূলক, আলমগীর হক তালুকদার ও আইনজীবী হেলাল মুজিব উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে জাকারিয়া তসলিম বলেন, ওই জায়গাটি সরকারি। এটি কোনো ব্যক্তি বা পরিবারের জায়গা নয়।