logo

যৌথ বাহিনীর অভিযানে ৯৫ ককটেল উদ্ধার

যৌথ বাহিনীর অভিযানে ৯৫ ককটেল উদ্ধার

শরীয়তপুরের নড়িয়া য় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৯৫টি ককটেল উদ্ধার করেছে। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। 

সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করে।

নড়িয়া থানা সূত্রে জানা যায়, নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা ব্যাপারী কান্দি এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ ককটেল মজুত রয়েছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল যৌথভাবে অভিযান চালায়।

এ সময় পেদা মসজিদের বারান্দা ও একই গ্রামের খলিল পেদা, জিলু মাদবর ও বাচ্চু পেদার বসতঘর তল্লাশি করে ১২টি বালতিতে রাখা ৯৫টি ককটেল উদ্ধার করা হয়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে মেহেদী হাসান (২৫), বাচ্চু পেদা (৬০) ও রনি পেদা (১৮) নামের তিনজনকে আটক করে যৌথ বাহিনী। একই সঙ্গে কয়েকটি টেঁটা, রামদা ও অন্যান্য ধারালো অস্ত্র জব্দ করা হয়।

পুলিশ জানায়, এর আগেও একই এলাকা থেকে একাধিকবার ককটেল উদ্ধার করা হয়। গত বছরের আগস্ট মাসে ৬০টি ককটেল উদ্ধার করা হয়, যা পরে পুলিশের অ্যান্টি-টেররিজম ইউনিটের সদস্যরা নিষ্ক্রিয় করে। গত ৮ জানুয়ারি জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারী কান্দির একটি বাড়িতে ককটেল বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়।

পুলিশ আরও জানায়, গত তিন দিনে নাড়িয়া উপজেলার আরও তিনটি স্থান থেকে ২২টি ককটেল উদ্ধার করা হয়েছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া এর সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা প্রক্রিয়াধীন। উদ্ধার হওয়া ককটেল নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও যৌথ বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে।