logo

সরকারের পাঁচ বছরের কাজ মূল্যায়ন করে ভোট দেবে জনগণ: চিফ হুইপ

সরকারের পাঁচ বছরের কাজ মূল্যায়ন করে ভোট দেবে জনগণ: চিফ হুইপ
বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জিয়া মঞ্চের বরিশাল বিভাগীয় সম্মেলনে অতিথিদের একাংশ। ছবি : এশিয়া পোস্ট

বিএনপি সরকারের পাঁচ বছরের কর্মকাণ্ড মূল্যায়ন করেই পরবর্তী নির্বাচনে জনগণ ভোট দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ ভোটের মাধ্যমেই তার জবাব দেবে। তাই ঘন ঘন আন্দোলন করে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা না করে অপেক্ষা করা উচিত।

বুধবার (২১ অক্টোবর) বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত জিয়া মঞ্চের বরিশাল বিভাগীয় সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম মনি বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে। সরকারকে দেশের দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। সরকারের কর্মকাণ্ডের মূল্যায়ন জনগণই করবে এবং পরবর্তী নির্বাচনে তাদের রায় দেবে।

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের সময় দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় ছিল উল্লেখ করে চিফ হুইপ বলেন, ৩০ লাখ কোটি টাকা পাচার হয়ে যাওয়া একটি দেশের অর্থনীতি নিয়ে সরকার যাত্রা শুরু করেছে। এ পরিস্থিতিতে দেশ পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে বিরোধী পক্ষের লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি এ উদ্যোগকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেন তিনি। লংমার্চের মাধ্যমে দেশের পরিস্থিতির প্রকৃত পরিবর্তন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে নূরুল ইসলাম মনি বলেন, মহান মুক্তিযুদ্ধে সম্মুখসারিতে থেকে তিনি দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। পরে দেশের সংকটময় পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বও পালন করেছেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরে তিনি বলেন, স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তাকে দীর্ঘদিন জেল-জুলুম ও নির্যাতন সহ্য করতে হয়েছে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন ও সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। সম্মেলন উদ্বোধন করেন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্লাহ ইকবাল।

আবু তালেবের সভাপতিত্বে এবং গোলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন জিয়া মঞ্চের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী জামাল হোসেন। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত এবং পরে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।

সম্মেলনে বরিশাল মহানগর ও বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।