নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

সুন্দরবনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ৪ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে দুইটি ডিঙি নৌকা, মাছ শিকারের জালসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনে বনজ সম্পদ ও মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে চলমান নিষিদ্ধ সময়ে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বন বিভাগের একটি টহল দল সুন্দরবনের অভ্যন্তরে অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ শিকারের সময় চার জেলেকে হাতেনাতে আটক করে।
জানা গেছে, শনিবার (১৩ জুন) ভোর ৫ টার দিকে সুন্দরবনের কোবাদক ফরেস্ট স্টেশনের বাইনতলা খাল নামক স্থান হতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এসময় অভিযান পরিচালনা করেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান ও কোবাদক স্টেশন কর্মকর্তা শেখ মোহাম্মদ আনিসুর রহমান।
আটক জেলেরা হলেন- কয়রা উপজেলা গোলখালী গ্রামের তরিকুল সরদার (২১) শরিফুল ইসলাম (২৬) ওসমান সরদার (৬০) ও শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামের আ. রহমান (৩০)।
সুন্দরবন পশ্চিম বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।


