logo
Advertisement

খুলনায় দুর্বৃত্তের গুলিতে দুই যুবক নিহত

এশিয়া পোস্ট নিউজ, খুলনা
খুলনায় দুর্বৃত্তের গুলিতে দুই যুবক নিহত
গুলিতে নিহত মঞ্জুরুল ইসলাম। ছবি: সংগৃহীত

খুলনা মহানগরীর লবণচরা থানার আশিবিঘা কালভার্ট এলাকায় অল্প সময়ের ব্যবধানে দুর্বৃত্তের গুলিতে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন— মঞ্জুরুল ইসলাম (২২) ও নাজমুল (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে আশিবিঘা কালভার্ট সংলগ্ন এলাকায় মঞ্জুরুল ইসলামকে লক্ষ্য করে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তার শরীরে দুটি গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মঞ্জুরুল ইসলাম ওই এলাকার বাসিন্দা খোকনের ছেলে। তিনি পেশায় স্যানিটারি মিস্ত্রি ছিলেন। স্বজনদের দাবি, মঞ্জুরুলের সঙ্গে কারও কোনো পূর্বশত্রুতা ছিল না। এলাকায় ভালো ছেলে হিসেবেই তার পরিচিতি ছিল।

স্বজনরা জানান, মঞ্জুরুল আগে পড়াশোনা করতেন। পরিবারের আর্থিক অনটনের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। পরে বাবার সঙ্গে স্যানিটারি কাজ করতেন। বুধবার তিনি কাজে যাননি। সন্ধ্যায় এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।

মঞ্জুরুলের বাবা খোকন ছেলের মৃত্যুর খবর পেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। সেখানে ছেলের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন তিনি। স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

এদিকে, মঞ্জুরুল ইসলামকে গুলি করার কিছুক্ষণ পর একই এলাকায় ১৮ বছর বয়সি নাজমুলকেও গুলি করে হত্যা করা হয়। নাজমুলের বাবা মনির শেখ। তবে কী কারণে এবং কারা তাকে গুলি করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

একই এলাকায় অল্প সময়ের ব্যবধানে পরপর দুই যুবক গুলিতে নিহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থল ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে দুই হত্যাকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররফ হোসেন এশিয়া পোস্টকে বলেন, আশিবিঘা এলাকার একটি ফাঁকা মাঠে ফুটবল খেলা হয়। সেখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

বিষয় :