logo

পুলিশ ক্যাম্পের সামনেই নিষিদ্ধ আ.লীগের মিছিল

পুলিশ ক্যাম্পের সামনেই নিষিদ্ধ আ.লীগের মিছিল
কবিরপুর পুলিশ ক্যাম্পের প্রধান ফটকের সামনে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। ছবি : ভিডিও থেকে নেওয়া

নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর পুলিশ ক্যাম্পের প্রধান ফটকের সামনে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। মিছিলে স্লোগান ও শোডাউন শেষে দ্রুত স্থান ত্যাগ করলেও বিষয়টি তাৎক্ষণিকভাবে টের পায়নি ক্যাম্প কিংবা থানা পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে গাজীপুর-আশুলিয়া সীমান্তবর্তী কবিরপুর বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় এ মিছিল হয়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেলের নির্দেশে এ মিছিল বের করা হয়। নেতাকর্মীরা ক্যাম্পের প্রধান ফটক ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে দ্রুত সরে যান।

স্থানীয় বাসিন্দারা এশিয়া পোস্টকে জানান, দুপুরে হঠাৎ করেই অনেক লোকজনের সমাগম ঘটে। পূর্বপ্রস্তুতি নিয়ে তারা জড়ো হন, অথচ সামনেই পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও কেউ বিষয়টি বুঝতে পারেনি।

এ বিষয়ে কবিরপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর এশিয়া পোস্টকে জানান, চাচির মৃত্যুর কারণে তিনি ছুটিতে ক্যাম্পের বাইরে ছিলেন। মিছিলের বিষয়ে তার জানা নেই, তবে খোঁজ নেওয়া হচ্ছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, বিষয়টি তার জানা নেই। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট