logo

নরসিংদীতে বাড়িতে ঢুকে গুলি করে কৃষককে হত্যা

নরসিংদীতে বাড়িতে ঢুকে গুলি করে কৃষককে হত্যা
হাসপাতালে স্বজনদের আহাজারি। ছবি: এশিয়া পোস্ট

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে বাড়িতে ঢুকে প্রতিপক্ষের করা গুলিতে মোমেন মিয়া নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরও পাঁচজন।

রোববার (২ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোমেন মিয়া (৬০) সদাগরকান্দি গ্রামের মৃত ধন মিয়ার ছেলে। আহতদের মধ্যে একই গ্রামের সরকার বাড়ির শহীদ মিয়ার ছেলে মো. নাজমুলের নাম জানা গেছে, তাৎক্ষণিকভাবে বাকি আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদাগরকান্দি গ্রামের বাসিন্দা মোমেন সরকারের সমর্থক এবং একই গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা সাবেক ইউপি সদস্য (মেম্বার) আবুল কাশেমের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে সকাল ৯টার দিকে সাবেক মেম্বার কাশেম ও ফরিদের পক্ষের ২০-২৫ জনের একদল সশস্ত্র লোক চেয়ারম্যান সমর্থক কৃষক মোমেন মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে মোমেন মিয়াসহ ছয়জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোমেন মিয়াকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুই পক্ষের মধ্যে পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।