logo

ভাইরাল ভিডিওটি পুরোপুরি সত্য নয়, ফরেনসিক টেস্টের দাবি মঞ্জুরুলের আইনজীবীর

ভাইরাল ভিডিওটি পুরোপুরি সত্য নয়, ফরেনসিক টেস্টের দাবি মঞ্জুরুলের আইনজীবীর

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে বিএনপি নেতা (বহিষ্কৃত) ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী আদালতে লিখিত বক্তব্য পেশ করেছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) কুমিল্লার সিনিয়র সিভিল জজ ও নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রধান তাফরিমা তাবাসুমের আদালতে তিনি সশরীরে হাজির হয়ে এ জবাব দাখিল করেন।

এর আগে গতকাল মঙ্গলবার তাফরিমা তাবাসুম স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে মুন্সীকে আজ দুপুর আড়াইটার মধ্যে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।

শুনানি শেষে মঞ্জুরুল আহসান মুন্সীর আইনজীবী ব্যারিস্টার এবিএম হামিদুল মিসবাহ জানান, আমরা আদালতকে বলেছি, মঞ্জুরুল আহসান মুন্সীর যে বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তা পুরোপুরি সত্য নয়। এ বক্তব্যের ফরেনসিক টেস্ট করা প্রয়োজন। 

এদিকে মুন্সীর বিরুদ্ধে আগের কিছু অভিযোগের প্রসঙ্গে ম্যাজিস্ট্রেট তাকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বলে জানান এই আইনজীবী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনয়ন পান মঞ্জুরুল আহসান মুন্সী। কিন্তু ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়ন নির্বাচন কমিশন বাতিল করে। এ বিষয়ে করা রিট হাইকোর্টে খারিজ হলে আসনটি কার্যত বিএনপির প্রার্থীশূন্য হয়ে পড়ে। পরে গণঅধিকার পরিষদের ট্র্যাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেয় বিএনপি। সেই জসিম উদ্দিনের নির্বাচনি উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ‘ভোট না দিলে বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি’সহ অন্যান্য অভিযোগের প্রেক্ষিতে মঞ্জুরুল আহসান মুন্সিকে আদালতে তলব করা হয়। এ ছাড়া একই অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকেও বহিষ্কার করা হয়ে তাকে।