logo
Advertisement

চীনা ব্যবসায়ীর চুরির টাকা দিয়ে কেনেন মোবাইল, নেন বাসা ভাড়া

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,গাজীপুর
চীনা ব্যবসায়ীর চুরির টাকা দিয়ে কেনেন মোবাইল, নেন বাসা ভাড়া
উদ্ধার হওয়া টাকা গণনা করছে পুলিশ। ছবি: এশিয়া পোস্ট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক চীনা ব্যবসায়ীর গাড়ি থেকে এক কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় অভিযুক্ত গাড়িচালকসহ দুজনকে গ্রেপ্তার করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ।

Advertisement

শনিবার (৫ সেপ্টেম্বর) গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন— গাড়িচালক জাহিদ হাসান (৩০), তার স্ত্রী নাছিমা আক্তার (২৪) এবং মামা আক্তারুজ্জামান (৫১)। এরমধ্যে জাহিদ ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার কুলবাড়িয়া এলাকার দবির উদ্দিনের ছেলে এবং আক্তারুজ্জামান একই জেলার কাঞ্চননগর এলাকার দাউদ হোসেনের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর আনুমানিক সকাল ৭টার দিকে ‘ল্যাভেন্ডার ফ্যাশন’-এর চেয়ারম্যান (চীনা নাগরিক) গাজীপুরের রাজেন্দ্রপুর কারখানা থেকে ফিরছিলেন। পথে নারায়ণগঞ্জের পূর্বাচল ক্যাডেট ক্লাবের সামনে তিনি ব্যক্তিগত কাজে গাড়ি থেকে নামলে, তার ড্রাইভার মো. জাহিদ হাসান গাড়িতে থাকা শ্রমিকদের বেতনের ১ কোটি টাকা নিয়ে চম্পট দেয়। পরবর্তীতে অভিযুক্ত চালক তার মালিককে একটি অনুশোচনামূলক খুদে বার্তা পাঠিয়ে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

ঘটনার পর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ এর একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নামে। একপর্যায়ে ঝিনাইদহ সদরের একটি বাসা থেকে মূল অভিযুক্ত ড্রাইভার জাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে নগদ ৮৬ লাখ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী মামা মো. আক্তারুজ্জামানকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করে আরও ১ লাখ ৩ হাজার টাকা এবং অভিযুক্তের স্ত্রী নাসিমা আক্তারের বাসা থেকে আরও ১০ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ হাসান স্বীকার করেছেন যে, চুরি করা টাকার মধ্য থেকে নতুন একটি বাসা ভাড়া নেওয়া, নতুন আসবাবপত্র কেনা এবং ৩৩ হাজার টাকা দিয়ে একটি মোবাইল ফোন কেনার পেছনে মোট ১ লাখ ২০ হাজার টাকা খরচ করে ফেলেছিলেন। পুলিশ পরে ওইসব আসবাবপত্র এবং নতুন মোবাইল ফোনটিও জব্দ করে।

পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, গত ১ সেপ্টেম্বর এক চীনা ব্যবসায়ীর কোনটা গাড়িচালক তার এক কোটি টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ছায়াতদন্ত শুরু করে ঝিনাইদহ থেকে গাড়িচালককে গ্রেপ্তার করে। তার কাছ থেকে নগদ ৯৭ লাখ ৩ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও আসবাবপত্র জব্দ করা হয়েছে। পাশাপাশি সহযোগী হিসেবে তার স্ত্রী ও মামাকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের উদ্ধারকৃত টাকা ও মালামালসহ সংশ্লিষ্ট রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।