সরকার তরুণদের সঙ্গে প্রতারণা করেছে: হাসনাত আবদুল্লাহ

রাষ্ট্র পরিচালনায় প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেছেন, আমরা স্বাধীন পুলিশ কমিশন, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, গুম কমিশন ও মানবাধিকার কমিশনের দাবি জানিয়েছিলাম। কিন্তু এগুলোর কোনোটিই বাস্তবায়ন হয়নি। সরকার তরুণদের সঙ্গে প্রতারণা করেছে।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় চাঁদপুরে জুলাই পদযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মসূচির আয়োজন করে মতলব উত্তর উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশ নামের ঘরের শুধু দারোয়ান বদলালেই হবে না, দরজা-জানালা থেকে শুরু করে পুরো ব্যবস্থার সংস্কার করতে হবে। আমরা শুধু ক্ষমতার পরিবর্তন চাই না, রাষ্ট্রের পরিবর্তন চাই। বিএনপি চাঁদাবাজি নয়, চাঁদাবাজদের পরিবর্তন চায়। এতদিন একদল যেভাবে খেয়েছে এখন সেভাবে খেতে চায় বিএনপি।
তিনি বলেন, রাস্তা বানাব, ব্রিজ করব, কালভার্ট করব, চাকরি দেব–এসব কথা সব রাজনৈতিক দল বলে। প্রায় ৪০টি রাজনৈতিক দল মানুষের কাছে উন্নয়নের প্রতিশ্রুতি দেয়। কিন্তু দেশের মূল সমস্যাগুলোর স্থায়ী সমাধান নিয়ে কেউ কথা বলে না।
এই এনসিপি নেতা বলেন, বাংলাদেশ নামের বাড়িটির দরজা-জানালা, দেয়াল সব ভেঙে নেওয়া হয়েছিল। আমরা চেয়েছিলাম পুরো ঘরটি সংস্কার করা হোক। কিন্তু নতুন দারোয়ান এসে বললেন, শুধু দারোয়ান বদলালেই হবে, সংস্কার লাগবে না। আমরা সেই ধারণার সঙ্গে একমত নই।
পুলিশ প্রশাসনের রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, একজন পুলিশ সদস্য সীমিত বেতনে চাকরি করেন। রাজনৈতিক নির্দেশ অমান্য করলে তার চাকরি ঝুঁকিতে পড়ে। তাই এমন একটি স্বাধীন পুলিশ কমিশন প্রয়োজন, যেখানে অন্যায় নির্দেশ এলে পুলিশ সেটি জানাতে পারবে। পুলিশ কোনো দলের নয় পুলিশ বাংলাদেশের জনগণের।
২০২৪ সালের অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যখন গুলি চালানোর হুমকি দেওয়া হয়েছিল, তখনও তরুণরা পিছিয়ে যায়নি। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশের রাজনৈতিক গতিপথ পরিবর্তিত হয়েছে। সেই আত্মত্যাগকে অর্থবহ করতে হলে রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রয়োজন।
চাঁদাবাজি, দুর্নীতি ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা মনে করেছিলাম বিএনপি চাঁদাবাজি বন্ধ করতে চায়। কিন্তু এখন মনে হচ্ছে তারা চাঁদাবাজি বন্ধ নয়, চাঁদাবাজদের পরিবর্তন চায়। আগে যারা করত, এখন তারা নিজেরা করতে চায়। আমরা এই রাজনীতি চাই না।
তিনি বলেন, অবৈধভাবে বালু কাটুক বিএনপি, আওয়ামী লীগ কিংবা অন্য কেউ অন্যায় সবার ক্ষেত্রেই অন্যায়। আমরা চাই অবৈধভাবে বালু কাটা বন্ধ হোক, দুর্নীতি বন্ধ হোক, চাঁদাবাজি বন্ধ হোক, সন্ত্রাস বন্ধ হোক। ব্যক্তি নয়, অন্যায়ের অবসানই আমাদের লক্ষ্য।
তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে তরুণদের নেতৃত্ব দিতে হবে। স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে সব পর্যায়ে নতুন প্রজন্মকে নেতৃত্বে আসতে হবে।
মতলব উত্তর উপজেলা এনসিপির আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে এবং চাঁদপুর জেলা এনসিপির সদস্য সচিব আমানুল্লা পাটওয়ারী ও ইদ্রিস আলীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ, যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আহমেদ, জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বক্কর মজুমদার, মহিউদ্দিন রনি, কুমিল্লা বিভাগের যুগ্ম সদস্য সচিব মাহাবুব আলম, জাতীয় যুব শক্তির সভাপতি তরিকুল ইসলাম, চাঁদপুর জেলা এনসিপির সভাপতি মাহবুব আলম এবং মতলব উত্তর উপজেলা এনসিপির সদস্য সচিব ইমাদুল ইসলাম।





