logo

অভিনেতা সমু চৌধুরীর ‘মাথা ফাটালেন’ গ্যারেজের কর্মচারী

অভিনেতা সমু চৌধুরীর ‘মাথা ফাটালেন’ গ্যারেজের কর্মচারী
আহত নাট্যশিল্পী সমু চৌধুরী। ছবি : এশিয়া পোস্ট

যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীকে (৬০) লাঠি দিয়ে মাথায় আঘাত করে জখম করার অভিযোগ উঠেছে। আহত সমুর মাথায় কেটে যাওয়ায় কয়েকটি সেলাই দিতে হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়কে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নাট্যশিল্পী সমু চৌধুরী ওই এলাকার মৃত আবুল কাশেম চৌধুরীর ছেলে।

স্থানীয়দের অভিযোগ, বাড়ির সামনে একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারীদের সঙ্গে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে সমু চৌধুরীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের কর্মচারী জাহাঙ্গীর ও হৃদয় লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসা নেওয়ার পর দুপুর ১টা ২০ মিনিটের দিকে তিনি বাড়ি ফিরে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার দে জানান, সমু চৌধুরীর মাথায় কাটা জখম রয়েছে। ক্ষতস্থানে কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত জাহাঙ্গীর ও হৃদয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। আহত সমু চৌধুরীর সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, অভিনেতার ওপর হামলার ঘটনা সম্পর্কে তিনি জানেন না। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।