Advertisement

বগুড়া সিটির বাজেট ১৪১৭ কোটি টাকা, কর না বাড়ানোর আশ্বাস

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
বগুড়া সিটির বাজেট ১৪১৭ কোটি টাকা, কর না বাড়ানোর আশ্বাস
শহীদ টিটু মিলনায়তনে বগুড়া সিটি করপোরেশনের বাজেট ঘোষণা করা হয়। ছবি: এশিয়া পোস্ট

নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেটের আকার ১ হাজার ৪১৭ কোটি টাকা।

রোববার (২৬ জুলাই) বিকেলে শহীদ টিটু মিলনায়তনে নগরবাসীর উপস্থিতিতে বাজেট ঘোষণা করেন সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।

ঘোষিত বাজেটে উন্নয়ন ও বিভিন্ন প্রকল্পে সহায়তা হিসেবে ১ হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট ঘোষণার সময় প্রশাসক বলেন, এই অর্থ দিয়ে নগরের সড়ক, ড্রেন ও কালভার্ট নির্মাণ এবং সংস্কার, ভূমি অধিগ্রহণ, নাগরিক সেবা সম্প্রসারণে যানবাহন কেনা, অ্যাম্বুলেন্স এবং প্রশাসক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য যানবাহন কেনা হবে। নগরবাসীর ওপর নতুন করে করের বোঝা চাপানো হবে না বলেও আশ্বাস দেন তিনি।

বাজেট আলোচনায় নাগরিকদের পক্ষ থেকে শহরের বর্জ্য অপসারণব্যবস্থা উন্নত করা, যানজট নিয়ন্ত্রণে কাজ করা কর্মীদের বেতন-ভাতা বাড়ানো এবং মাস্টাররোলে থাকা সিটি করপোরেশনের কর্মীদের বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানানো হয়।

ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসন এবং বাল্যবিবাহ প্রতিরোধে সিটি করপোরেশনের কার্যকর ভূমিকার দাবিও ওঠে।

এ সময় প্রশাসক এম আর ইসলাম স্বাধীন নগরবাসীকে নিজেদের বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

তিনি বলেন, পরিচ্ছন্নতার ক্ষেত্রে দেশের অন্য সিটি করপোরেশনগুলোর চেয়ে বগুড়াকে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী।

বগুড়া সিটি করপোরেশন ঘোষণার আগে ২০২৫-২৬ অর্থবছরে পৌরসভার সর্বশেষ বাজেট ছিল ১১৬ কোটি টাকা। সিটি করপোরেশন হওয়ার পর প্রথম বাজেটের আকার বেড়ে প্রায় ১২ গুণ হয়েছে।

বিষয় :বগুড়া