বিকেলে নিখোঁজ, সন্ধ্যায় পুকুরে মিলল দুই শিশুর মরদেহ

মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গৌরীশংকর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো একই এলাকার মৃত আবু মিয়ার ছেলে মো. আলী জিবান (৮) ও লোকমান মিয়ার মেয়ে রাহমা (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অলক্ষে শিশু দুজন বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। বিকেলের দিকে তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সন্ধ্যায় পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না জানান, দুই শিশুর মরদেহ কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে এবং ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের আবেদন করা হলে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
