logo

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২০, তিন ঘণ্টা বন্ধ যান চলাচল

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২০, তিন ঘণ্টা বন্ধ যান চলাচল

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বাস ও তরমুজবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় তিন ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা বাগদাদ পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পটুয়াখালীগামী তরমুজবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের চালকসহ অন্তত ২০ জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেওয়ার পর সকাল ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান জানান, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।