logo

চাকরির আশায় এক মাঠে ৩০ হাজার যুবক-যুবতী

চাকরির আশায় এক মাঠে ৩০ হাজার যুবক-যুবতী
দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে চাকরিপ্রার্থীদের ভিড়। ছবি: এশিয়া পোস্ট

দিনাজপুরের বিরামপুর উপজেলায় দিনব্যাপী জব ফেয়ার বা চাকরি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে বিরামপুর সরকারি কলেজ মাঠে শুরু হওয়া এই মেলা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

আয়োজকেরা জানিয়েছেন, মেলায় ৫০টির বেশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সকাল ৮টা থেকে দূরদূরান্তের চাকরিপ্রার্থীরা বিরামপুর সরকারি কলেজ মাঠে জড়ো হতে শুরু করেন।

দিনাজপুর সদর উপজেলার কাঞ্চন কলোনি থেকে চাকরির আশায় মেলায় এসেছেন আবির হোসেন। তিনি বলেন, আমি এসএসসি পাস করেছি তিন বছর আগে। অভাবের কারণে আর পড়াশোনা চালানো সম্ভব হয়নি। একটি কাপড়ের দোকানে কাজ করি। কিন্তু সেখানকার বেতন দিয়ে সংসার চালানো সম্ভব হচ্ছে না। চাকরির আশায় এই মেলায় এসেছি। এখন দেখা যাক, কপালে কী আছে।

চাকরিপ্রার্থী আশা রায় বলেন, এ ধরনের বড় চাকরির মেলা সাধারণত মফস্বল এলাকায় দেখা যায় না। তাই একটি চাকরির আশায় এই মেলায় এসেছি।

চাকরিপ্রার্থী আকরাম হোসেন বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একটা চাকরি খুব দরকার। তাই এখানে এসেছি। কিন্তু মেলায় খুব ভিড়। সিভি জমা দিতে পারব কি না, জানি না।

মেলার আয়োজকেরা জানিয়েছেন, সোমবার পর্যন্ত এই মেলায় অংশ নেওয়ার জন্য মোট ২৫ হাজার নিবন্ধন সম্পন্ন হয়েছে। পাশাপাশি যারা নিবন্ধন করতে পারেননি, তারাও মেলায় অংশ নিতে পারবেন। সব মিলিয়ে ৩০ হাজারের বেশি যুবক-যুবতী এতে অংশ নিচ্ছেন।

মেলার মূল উদ্যোক্তা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষিত যুবক-যুবতীদের জন্য চাকরির ব্যবস্থা করছেন। বিএনপি সরকার যুবক-যুবতীদের চাকরি নিশ্চিত করতে কাজ করছে। বিরামপুরের চাকরির মেলায় আমাদের ধারণার চেয়েও বেশি নিবন্ধন হয়েছে।