চলন্ত অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে চালক নিহত

রংপুরের পীরগঞ্জ উপজেলায় চলন্ত একটি অটোরিকশার ওপর সড়কের পাশের শুকনো গাছ ভেঙে পড়ে চালক নিহত হয়েছেন।
বুধবার (৮ জুলাই) সকালে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের টিউরমারী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও একজন যাত্রী আহত হয়েছেন।
নিহত অটোচালক আব্দুল গফুর (৫৫) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভোটারপাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে একজন এইচএসসি পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে চালক আব্দুল গফুর নবাবগঞ্জ থেকে খালাশপীরের উদ্দেশে রওনা হন। পথে খালাশপীর-কাচদহ সড়কের টিউরমারী এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বড় শুকনো গাছ হঠাৎ ভেঙে তার চলন্ত অটোরিকশার ওপর পড়ে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় অটোরিকশায় থাকা আরও একজন গুরুতর আহত হন।
খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, খালাশপীর-কাচদহ সড়কের পাশে দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ দাঁড়িয়ে রয়েছে। এসব গাছ অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় যে কোনো সময় আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
পীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নাজমুল সরকার এশিয়া পোস্টকে বলেন, চলন্ত অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে ঘটনাস্থলেই চালক নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস দুটি ইউনিট গিয়ে লাশ উদ্ধার করে এবং সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। আমরা পৌঁছানোর আগেই আহত একজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।




