থানায় লালন-পালন হওয়া ৬ গরু উঠবে নিলামে

নওগাঁর রাণীনগর থানা প্রাঙ্গণে গত এক মাস ধরে লালন-পালন হওয়া উদ্ধারকৃত পাঁচটি গরু এবং সদ্য জন্ম নেওয়া একটি বাছুর অবশেষে নিলামে উঠতে যাচ্ছে। আদালতের নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ আগস্ট বিকেল ৩টায় রাণীনগর থানা প্রাঙ্গণে এ নিলাম অনুষ্ঠিত হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে নওগাঁর রাণীনগর, আত্রাই, বদলগাছী ও মহাদেবপুরসহ বিভিন্ন এলাকায় কয়েকটি গরু ডাকাতির ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে জেলা পুলিশ সুপারের নির্দেশে সীমান্ত ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৪ জুলাই নাটোরের নলডাঙ্গা এলাকা থেকে আসলাম নামের এক গরু চোরকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৫ জুলাই ভোরে নাটোরের সিংড়া উপজেলার ছোট চৌগ্রাম এলাকার এক বাড়ি থেকে পাঁচটি চোরাই গরু উদ্ধার করে পুলিশ।
উদ্ধারকৃত গরুগুলোর তাত্ক্ষণিক কোনো প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় আদালতের নির্দেশে সেগুলোকে রাণীনগর থানা হেফাজতে রাখা হয়। রাণীনগর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডলের তত্ত্বাবধানে এক মাস ধরে চুক্তির ভিত্তিতে একজন খামারির মাধ্যমে গরুগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করা হয়। পাশাপাশি উপজেলা প্রাণিসম্পদ বিভাগের মাধ্যমে নিয়মিত তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এর মধ্যেই থানা প্রাঙ্গণে হেফাজতে থাকাকালে গর্ভবতী একটি গাভী বাছুরের জন্ম দেয়, যা এলাকায় ব্যাপক কৌতুহল ও আলোচনার সৃষ্টি করে।
দীর্ঘদিনেও উদ্ধারকৃত গরুগুলোর প্রকৃত মালিকের সন্ধান না মেলায় আদালতের নির্দেশক্রমে এগুলো বিক্রির জন্য চূড়ান্ত নিলাম বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত ২৭ আগস্ট নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নম্বর-০১-এর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নিলাম বিক্রয় কমিটির সদস্য সচিব মো. আবদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
রাণীনগর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল জানান, বর্তমানে বাছুরসহ প্রতিটি গরুই সম্পূর্ণ সুস্থ ও সবল রয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ আগস্ট বিকেল ৩টায় থানা চত্বরে প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হবে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আগ্রহী যেকোনো ব্যক্তি এই নিলামে অংশ নিতে পারবেন।


