গৌরনদীতে সন্ধ্যার পর আড্ডা দিতে পারবে না শিক্ষার্থীরা

বরিশালের গৌরনদী উপজেলায় সন্ধ্যার পরে বাসার বাইরে শিক্ষার্থীদের আড্ডায় নিষেধাজ্ঞা দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১১ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফেসবুক পেজে এ-সংক্রান্তে একটি নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, ‘‘এতদ্বারা সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বরিশাল জেলার গৌরনদী উপজেলায় মাদক নির্মূল করার লক্ষ্যে, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী স্কুল-কলেজগামী কোনো ছাত্র/ছাত্রী সন্ধ্যার পরে রাস্তার মোড়ে, হোটেল-রেস্তোরাঁয়, পার্কে কিংবা স্কুল-কলেজের মাঠে আড্ডা দিতে পারবে না। বর্ণিত সময়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী কোনো ছাত্র-ছাত্রীকে বর্ণিত স্থানে আড্ডারত অবস্থায় পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।’’
নিষেধাজ্ঞার বিষয়ে গৌরনদীর ইউএনও মো. ইব্রাহীম জানান, সম্প্রতি গৌরনদী পৌরশহর ও ইউনিয়নের বিভিন্ন স্থানে স্কুল-কলেজের অর্থাৎ উঠতি বয়সের শিক্ষার্থীদের বিপথগামী উপস্থিতি লক্ষ্য করা গেছে। যেখানে আড্ডাকেন্দ্রিক একটি নেটওয়ার্ক গড়ে উঠেছে। ফলে অপরাধমূলক কর্মকাণ্ড হওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এগুলো রোধে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সবার সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, আমরা চাচ্ছি গৌরনদীর যুবসমাজকে মাদক থেকে মুক্ত রাখতে। অনলাইন জুয়া ও কিশোর গ্যাং কালচার রোধ করতে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মনিটরিং কার্যক্রম শুরু করা হবে। পৌরসভায় একটি এবং ইউনিয়ন পর্যায়ে একটি করে কমিটি গঠন করা হচ্ছে।