কমেছে তিস্তার পানি, নেমেছে বিপৎসীমার নিচে

এশিয়া পোস্ট নিউজ, নীলফামারী
কমেছে তিস্তার পানি, নেমেছে বিপৎসীমার নিচে
তিস্তা নদীর পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ছবি: এশিয়া পোস্ট

টানা বৃষ্টি ও উজানের ঢলে নীলফামারীর তিস্তা নদীর পানি রাতে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও আজ মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টায় তা কমে বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচে নেমে এসেছে। এতে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে।

ডালিয়া তিস্তা ব্যারাজ পয়েন্টে আজ বেলা ১১টায় নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৩ সেন্টিমিটার, যা বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচে। এর আগে গতকাল সোমবার (১৩ জুলাই) রাতে নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা ও জলঢাকা উপজেলার তিস্তা তীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের কিছু বসতবাড়ি ও ফসলি জমিতে পানি প্রবেশ করে।

বর্তমানে পানি কমতে শুরু করায় ডিমলা ও জলঢাকা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী, গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিচু এলাকার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। তবে নদী তীরবর্তী বাসিন্দারা এখনও নতুন করে পানি বৃদ্ধির আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছেন।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজান থেকে নেমে আসা পানির চাপ কমতে শুরু করায় নদীর পানিও হ্রাস পাচ্ছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। তিস্তা ব্যারাজের প্রয়োজনীয় গেটগুলো খুলে রাখা হয়েছে এবং নদী তীরবর্তী এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।