বিএনপির সময়ে দেশ দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময় দেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পর তারা চাঁদাবাজি, লুটপাট ও দখলদারিত্বে মেতেছে। দেশের জনসাধারণ এখন আর তাদের কাউকে চাচ্ছে না।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
রেজাউল করীম বলেন, এ দেশের দক্ষিণাঞ্চলে অনেক ওলি-আওলিয়া শুয়ে আছেন। তারা দেশে ইসলামের আবাদ করেছেন। তাদের দেশে ইসলামের নাম নিয়ে রাজনীতি করবে আর ইসলামি রাষ্ট্রনীতি প্রতিষ্ঠা হবে না, তা হতে পারে না। এ কারণে তাদের নিয়ে জোট ধরে রাখা সম্ভব হয়নি।
তিনি বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আমলে অসংখ্য মায়ের কোল খালি হয়েছে। বিদেশিদের প্রেসক্রিপশনে দেশ পরিচালনা করেছে।
চরমোনাইর পীর বলেন, আমরা নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছি। জামায়াতসহ অন্যান্য দলও ইশতেহার প্রকাশ করেছে। ইশতেহারে আমরা পরিষ্কারভাবে বলেছি, শরিয়তকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করা হবে। জামায়াত কিন্তু কোথাও ইসলামের কথা বলেনি। এরপরও কেউ যদি জামায়াতে ইসলামীকে ইসলামি দল বলে, আমি বলব তারা বোকার স্বর্গে বাস করে।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আমরা ঘোষণা দিয়েছিলাম, ইসলামের পক্ষে একটি বাক্স দেব। এ লক্ষ্য সামনে নিয়ে আমরা যখন কাজ করেছিলাম, অনেক ইসলামি দল প্রথম অবস্থায় আমাদের সঙ্গে সমঝোতায় ছিল। রাস্তায় চলার পথে জামায়াত এসে এখানে ঢুকল, তার সঙ্গে আর কিছু দল এলো। যখন সারা দেশের মানুষ আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সাড়া দিল, তখন দেশপ্রেমিকের পরিবর্তে, ইসলামপ্রেমিকের পরিবর্তে ক্ষমতাপ্রেমিকরা এখানে ছোবল দিল।
মুহাম্মদ রেজাউল করীম বলেন, এ দেশ আলেমদের দেশ। এই পবিত্র জমিনে ইসলাম থাকবে না, তা হতে পারে না। আমরা মনে করেছিলাম, আমরা একা হয়ে গেছি, কিন্তু আমরা একা না। আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন। আলেম, দেশপ্রেমিক ও ইসলামপ্রেমীরা সঙ্গে রয়েছেন।