পুলিশের ছিনতাই হওয়া অস্ত্রটি উদ্ধার হয়নি, এক সন্দেহভাজন আটক

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্দর থানার সোনাকান্দা ব্যাপারীপাড়া এলাকা থেকে তাকে আটক করে।
আটক ব্যক্তির নাম মো. মিশাল মৃত মিজানুর রহমানের ছেলে এবং নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পানির ট্যাংকি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, অস্ত্র ছিনতাইয়ের ঘটনার পর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে জেলা পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মিশালকে আটক করা হয়। তবে ছিনতাই হওয়া অস্ত্রটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশনস) তারেক আল মেহেদী এশিয়া পোস্টকে বলেন, অস্ত্র ছিনতাইয়ের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় তিনজন জড়িত ছিল। আরও দুইজনকে আশা করছি দ্রুত আইনের আওতায় আনা হবে। অস্ত্রটিও উদ্ধার করা সম্ভব হবে। এছাড়া জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর ছয়টার দিকে ছিনতাইকারীরা নারায়ণগঞ্জ নগর ভবনের সামনে থেকে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) ওপর হামলা করে এবং তার সরকারি অস্ত্র লুট করে নিয়ে যায়।