কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিস গ্রেপ্তার

যশোরের কেশবপুরে বিশেষ অভিযান চালিয়ে ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিসকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, মাদক ও নাশকতাসহ একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোছা. রোকসানা খাতুনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নে আনিসের নিজ বাড়িতে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আনিসুর রহমান আনিস ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। সরকার পরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
কেশবপুর থানার ওসি মোছা. রোকসানা খাতুন জানান, একাধিক মামলার পলাতক আসামি আনিসুর রহমান আনিসকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


