গাজীপুরে কবরস্থান থেকে এক রাতে ৯ কঙ্কাল চুরি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৫ জুলাই) রাতে উপজেলার সূত্রাপুর ইউনিয়নের চাঁনপুর টেকি বাড়ি কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কবরস্থানটিতে দীর্ঘদিন ধরে ময়লা আগাছা জমে রয়েছে। বৃহস্পতিবার সকালে ওই আগাছা পরিষ্কার করতে গিয়ে একাধিক কবর খোঁড়া দেখতে পাওয়া যায়। তারা কবরের ওপরের মাটি সরিয়ে দেখেন কোনো কঙ্কাল নেই। এ সময় এলাকাবাসী কবরস্থানে কিছু জামাকাপড় ও কবর খোঁড়ার সরঞ্জাম দেখতে পান।
ওই কবরস্থানের কোষাধ্যক্ষ সাদিক মিয়া মাষ্টার বলেন, রাতের অন্ধকারে কবর খুঁড়ে ৯টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। মানুষের মৃত্যুর পর লাশের নিরাপত্তা যদি না থাকে তাহলে কেমন সমাজে বসবাস করছি আমরা।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, কঙ্কাল চুরির ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। আমরা তদন্ত করেছি। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
.png)






