লালমনিরহাটে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, যুবদল নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখমের সিসি ক্যামরার ফুটেজটি ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এক যুবদল নেতাসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার (৮ জুলাই) পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন জেলা যুবদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক লেবু মিয়া, জনি, রনি, রিফাত ও রায়হান। তারা পাটগ্রামের রসূলগঞ্জের মির্জাকোট এলাকার বাসিন্দা। লেবু মিয়া স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের খণ্ডকালীন গাড়ি চালক ছিলেন।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে পাটগ্রাম উপজেলার কলেজ মোড় এলাকার ‘তানভীর অটো ভলকানাইজিং পার্টস’ দোকানে ওই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত দোকান মালিক আমিনুর রহমানকে স্থানীয়রা পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্র জানায়, লেবু মিয়ার এক কর্মচারী ওই দোকানে গাড়ি মেরামত করতে যান। ১০০ টাকা বকেয়া নিয়ে দোকান মালিকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে যুবদল লেবু মিয়া ও তার সহযোগীরা অস্ত্র নিয়ে দোকানে প্রবেশ করে। তারা আমিনুর রহমানের অতর্কিত হামলা চালায় এবং অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করে।
অভিযোগ অস্বীকার করে লেবু মিয়া বলেন, আমি টাকা দিতে গেলে উল্টো আমার ওপর হামলা করা হয়েছে। সামান্য একটি ঘটনাকে বড় করার চেষ্টা করা হচ্ছে। এমনকি আমার পাঞ্জাবি ছিঁড়ে ফেলে মারধর করার চেষ্টা করে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। সেটির ভিত্তিতে থানায় মামলা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।





