সকালে সাত শ্রমিক ও বিকেলে দম্পতি, এক দিনেই বগুড়ায় প্রাণ গেল ৯ জনের

বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী এক দম্পতি নিহত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া বিমানবন্দরসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় তাদের নাতি গুরুতর আহত হয়েছে।
নিহতরা হলেন—বগুড়া শহরের আটাপাড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী বাবুল হাসান (৫০) ও তার স্ত্রী জেসমিন বিবি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল হাসান তার স্ত্রী ও নাতিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে নওগাঁর দিকে যাচ্ছিলেন। পথে একই মুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটিতে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাবুল হাসান।
গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী ও নাতিকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জেসমিন বিবিকে মৃত ঘোষণা করেন। তাদের নাতি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এর আগে, একই দিন ভোরে এরুলিয়া এলাকার একই মহাসড়কে একটি দূরপাল্লার বাসের চাপায় সাতজন দিনমজুর নিহত হন। একই এলাকায় এক দিনের ব্যবধানে পৃথক দুটি দুর্ঘটনায় ৯ জনের প্রাণহানির ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
