logo

ইলিশের দামে লাগাম নেই, বিকল্প মাছেই ভরসা ক্রেতাদের

ইলিশের দামে লাগাম নেই, বিকল্প মাছেই ভরসা ক্রেতাদের

ভোলার মাছের বাজারে পহেলা বৈশাখকে ঘিরে ইলিশের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা গেছে। উৎসবকে কেন্দ্র করে বিক্রেতারা দাম বাড়িয়ে দেওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে ইলিশ মাছ। ফলে অনেকেই ইচ্ছা থাকলেও ইলিশ না কিনে বিকল্প মাছ নিয়ে বাড়ি ফিরছেন।

ভোলা শহরের কিচেন মার্কেট ঘুরে দেখা যায়, সকাল থেকেই নদী ও সাগরের ইলিশের সরবরাহ ছিল। বৈশাখ উপলক্ষে বিভিন্ন শ্রেণির ক্রেতার ভিড় থাকলেও বেশি দামের কারণে অধিকাংশই ইলিশ না কিনেই ফিরে গেছেন।

বাজারে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার ৫০০ টাকায়। ৭০০ থেকে ৯৫০ গ্রাম ওজনের ইলিশের দাম ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা। ৫০০-৬০০ গ্রামের ইলিশ ২ হাজার টাকা, ৩০০-৪০০ গ্রামের ইলিশ ১ হাজার ৪০০ টাকা এবং জাটকা বিক্রি হচ্ছে কেজিপ্রতি প্রায় ১ হাজার টাকায়।

ইলিশ কিনতে আসা ক্রেতা মো. ফয়েজ উদ্দিন বলেন, বৈশাখ উপলক্ষে ইলিশ কিনতে এলেও দাম দেখে হতাশ হয়েছেন। আমার পক্ষে ২ হাজার টাকা দিয়ে দুইটা ইলিশ কেনা সম্ভব না, বলেন তিনি। শেষ পর্যন্ত ইলিশ না কিনে রুই মাছ নিয়ে বাড়ি ফেরেন।

আরেক ক্রেতা স্বপন চন্দ্র জানান, পহেলা বৈশাখের অজুহাতে ইলিশের দাম ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এ বছর আর ইলিশ খাওয়া হবে না।

ক্রেতা তাসলিমা বেগম বলেন, কয়েক দিন আগেও ৫০০ গ্রাম ইলিশের দাম ছিল ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা। এখন তা বেড়ে আড়াই হাজার টাকায় পৌঁছেছে। এত দামে ইলিশ সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব না, বলেন তিনি। তার মতে, এবার বৈশাখে ইলিশ খাওয়া সীমাবদ্ধ থাকবে সচ্ছলদের মধ্যেই।

তবে ব্যতিক্রমও রয়েছে। ক্রেতা তুহিন মিয়া জানান, নতুন আত্মীয় আসায় বাধ্য হয়ে বেশি দামে ইলিশ কিনেছেন। সামর্থ্য না থাকলেও সামাজিক কারণে কিনতে হয়েছে।

বিক্রেতারা বলছেন, সরবরাহ কম ও চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে। মাছ বিক্রেতা নিরব, বিল্লাল ও মহিউদ্দিন জানান, নদীতে ইলিশ ধরার ওপর দুই মাসের নিষেধাজ্ঞা চলছে। পাশাপাশি বৈশাখ উপলক্ষে ঢাকায় চাহিদা বেড়েছে। ফলে ঘাটে বেশি দামে কিনতে হচ্ছে, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে।

তুলাতুলি মৎস্যঘাটের আড়ৎদার কামাল ব্যাপারী বলেন, নিষেধাজ্ঞার কারণে জেলেরা কম মাছ ধরছেন। কিন্তু চাহিদা বেশি থাকায় নিলামে দাম বেড়ে যাচ্ছে।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যদি ইলিশ ধরে বা বিক্রি করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।