Advertisement

কুমিল্লায় মোবাইল কোর্টে হামলার চেষ্টা, যুবককে ৭ দিনের কারাদণ্ড

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
কুমিল্লায় মোবাইল কোর্টে হামলার চেষ্টা, যুবককে ৭ দিনের কারাদণ্ড
কুমিল্লার ইসলামপুর রোড এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লা নগরীর ইসলামপুর রোড এলাকায় সিটি করপোরেশনের অভিযানে হামলার চেষ্টা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রিয়াদ হাসান (৩৭) নামে এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। তার বিরুদ্ধে চাপাতি ও রামদা দিয়ে হামলার অভিযোগ করা হয়।

Advertisement

শনিবার (১৫ আগস্ট) দুপুরে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে নগরীর ইসলামপুর রোড এলাকায় অভিযান পরিচালনাকালে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন।

জানা যায়, অভিযান চলাকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা মোবাইল কোর্টের কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের মধ্যে কয়েকজন চাপাতি ও রামদা নিয়ে মোবাইল কোর্টের সদস্যদের দিকে এগিয়ে আসেন বলে অভিযোগ ওঠে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

অভিযানে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা রিয়াদ হাসানকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়। একই ঘটনায় আরেকজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন এশিয়া পোস্টকে বলেন, সরকারি কাজে তারা বাধা দিয়েছিল। একজনকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেকজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, সরকারি দায়িত্ব পালনের সময় কোনো ধরনের বাধা বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :