নারী আইনজীবীকে গাছে ঝুলিয়ে হত্যার হুমকি

বগুড়ায় এক নারী আইনজীবীকে মোবাইল ফোনে গাছে ঝুলিয়ে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে তিনি এই হুমকি পান।
ভুক্তভোগীর নাম অ্যাড. ফেরদৌসী আক্তার রুনা। তিনি শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা এবং ওকালতির পাশাপাশি আলোকিত বগুড়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক।
জিডি সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১০ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পান তিনি। ফোন করা ব্যক্তি নিজ পরিচয় গোপন রেখে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং গাছে ঝুলিয়ে হত্যার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন অ্যাড. ফেরদৌসী আক্তার রুনা। নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বিষয়টি থানায় অবহিত করেন।
এ বিষয়ে বগুড়া সদর থানার এসআই এস এম অমিত হাসান জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ফোনকলের সূত্র ধরে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।