logo
Advertisement

শিল্পকলায় এনসিপির কর্মসূচি হচ্ছে না: ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক

এশিয়া পোস্ট নিউজ,ব্রাহ্মণবাড়িয়া
শিল্পকলায় এনসিপির কর্মসূচি হচ্ছে না: ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক
ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমি। ছবি: এশিয়া পোস্ট

ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা হচ্ছে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মো. আবুসাঈদ। একই স্থানে ‘কওমি ছাত্র ঐক্য পরিষদ’ ঘোষিত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে না বলে জেলা প্রশাসক নিশ্চিত করেছেন। তবে দুপক্ষ থেকে তাদের কর্মসূচির বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

Advertisement

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় শিল্পকলা একাডেমিতে এনসিপি ও বিকেল ৩টায় পৃথক কর্মসূচি পালন করার ঘোষণা দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ।

জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, এনসিপি একটি অনুষ্ঠানের কথা বলে আবেদন করেছিল। অনুষ্ঠান ও রাজনৈতিক কর্মসূচি এক বিষয় নয়। তাই ভেন্যু বাতিল করা হয়েছে। কওমি ছাত্র ঐক্য পরিষদ কোনো আবেদন করেনি। শিল্পকলায় কোনো প্রোগ্রাম হবে না। পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, বৃহস্পতিবার জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে না পারায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করেন এবং সরকারের ভূমিকার সমালোচনা করেন।

হাসনাত আবদুল্লাহর ওই বক্তব্যের প্রতিবাদে শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কওমি ছাত্র ঐক্য পরিষদ। তারা বক্তব্য প্রত্যাহার ও হাসনাত আবদুল্লাহর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানায়।

উত্তেজনা তৈরি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শিল্পকলা একাডেমির ভেন্যু বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়।

এ বিষয়ে জানতে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহর ফোনে কল দিয়ে যোগাযোগের চেষ্ঠা করা হয়। তিনি কল রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।