Advertisement

ঝালকাঠির সুগন্ধা নদীতে জমজমাট নৌকাবাইচ

এশিয়া পোস্ট নিউজ, ঝালকাঠি
ঝালকাঠির সুগন্ধা নদীতে জমজমাট নৌকাবাইচ
সুগন্ধা নদীতে জমজমাট নৌকা বাইচ। ছবি : এশিয়া পোস্ট

ঝালকাঠির সুগন্ধা নদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ।

Advertisement

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ঝালকাঠি লঞ্চঘাট এলাকা থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় সদর উপজেলার ৯টি দল অংশ নেয়। নৌকাবাইচ দেখতে নদীর দুই তীরে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে।

ঝালকাঠি জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের যৌথ আয়োজনে আয়োজিত এ নৌকাবাইচে সদর উপজেলার বিভিন্ন অঞ্চলের ৯টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। ঢাক-ঢোল বাজিয়ে উৎসবমুখর আমেজে প্রতিযোগীরা বৈঠা চালিয়ে দ্রুতগতিতে এগিয়ে যান। এ সময় নদীর দুই পাড়ে উপস্থিত দর্শনার্থীরা করতালির মাধ্যমে প্রতিযোগীদের উৎসাহিত করেন।

প্রতিযোগীদের নিরাপত্তা নিশ্চিতে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক দুটি দল নৌপথে দায়িত্ব পালন করে। লঞ্চঘাট এলাকা থেকে শুরু হয়ে প্রতিযোগিতাটি মিনিপার্কসংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।

প্রতিযোগিতায় মাহবুব সিকদারের নেতৃত্বাধীন ধানসিঁড়ি গ্রুপ প্রথম স্থান অর্জন করে। চান মিয়া হাওলাদারের নেতৃত্বাধীন গাবখান গ্রুপ দ্বিতীয় এবং সোবাহান হাওলাদারের নেতৃত্বাধীন জাঙ্গালিয়া গ্রুপ তৃতীয় স্থান লাভ করে।

প্রতিযোগিতা শেষে মিনিপার্ক এলাকায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. মহসিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমান উল্লাহ সরকার ও জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকসহ জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা। আলোচনা সভা শেষে অতিথিরা বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন। ঐতিহ্যবাহী এ আয়োজনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

বিষয় :