সারা বাংলায় ন্যায়-ইনসাফের পক্ষে জোয়ার শুরু হয়েছে : জামায়াত আমির

মানুষ বুঝতে পেরেছে, তাই সারা বাংলায় এখন ন্যায় ও ইনসাফের পক্ষে বাঁধভাঙা জোয়ার শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর মাইজদীতে জেলা স্কুল মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের নিবাচর্নী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শুধু নোয়াখালী না, সারা বাংলায় আমি যেখানে যাচ্ছি মানুষের ভালোবাসা দেখতে পাচ্ছি। বিশেষ করে জুলাই যুদ্ধ যারা করেছে সেই যুব সমাজ মুখিয়ে আছে ১৩ তারিখ থেকে নতুন একটি বাংলাদেশ দেখার জন্য। তারা বুঝতে পেরেছেন জুলাই চেতনার আকাঙ্ক্ষা কাদের দ্বারা বাস্তবায়ন হবে।
শফিকুর রহমান বলেন, যারা ধৈর্য ধরতে পারেন নাই, বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন। আল্লাহর কসম, ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয়, তাদের হাতে ক্ষমতা গেলে জনগণ আরও বেশি ঝুঁকিতে পড়বেন।
জামায়াত আমির বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লড়াই শুরু হয়েছে। আমরা সরকারি কর্মচারীদের ন্যায়সঙ্গত বিষয়টি দরদের সাথে বিবেচনায় নিয়ে পে কমিশনকে বলব যথাযত রিকমেনন্ডেশন আমাদের কাছে দেন। যাতে একটি মানুষ সরকারি চাকরি করার পরে দ্বিতীয় কোনো রুজির সন্ধান করতে না হয়। আর টেবিলের নিচে যেন হাত দিতে না হয়। এরপর যারা সততার রাস্তা ছেড়ে দেবেন সংশোধন না হলে কঠোর ব্যবস্থা নেব।
সমাবেশে নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকারের সভাপতিত্বে ১১ দলীয় দলের নেতারা বক্তব্য রাখেন।