ঝড়ের কারণে দুই রুটে ফেরি চলাচল বন্ধ

ঝড়বৃষ্টির কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ৬টার দিকে নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
ঘাট কর্তৃপক্ষ জানায়, রাতভর কখনও গুঁড়ি গুঁড়ি, কখনও মাঝারি আবার ভারী বৃষ্টি হয়। সকাল ৬টার দিকে বৃষ্টির সঙ্গে ঝড় শুরু হলে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখা ভারপ্রাপ্ত ডিজিএম মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ ভোর ৫টার পর থেকে নদী অববাহিকায় বাতাস বইতে শুরু করে। একপর্যায়ের ঝোড়ো বাতাসের বেড়ে যাওয়ায় ৬টার দিকে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঝোড়ো বাতাস কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে, তখন সিরিয়াল অনুযায়ী অপেক্ষমাণ যানবাহন ও যাত্রীদের পারাপার করা হবে বলে।
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ২২টি ফেরি, ৩৩টি লঞ্চ এবং ৬৭টি স্পিডবোট চলাচল করে।