logo

টাঙ্গাইলে পুকুরে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

টাঙ্গাইলে পুকুরে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু
এশিয়া পোস্ট গ্রাফিক্স

টাঙ্গাইলের দেলদুয়ারে পুকুরে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলায় আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন।

নিহতরা হলেন উপজেলার নাল্লাপাড়া গ্রামের রিপন চৌধুরীর ছেলে আব্দুর রহমান (১২) এবং একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে দুই শিশু সাইকেল নিয়ে নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যায়। খেলার একপর্যায়ে বিদ্যালয়ের পাশেই পুকুরে গোসল করতে নামে। গোসলের সময় তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করে।

আতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক বলেন, মৃত দুজন চাচা-ভাতিজা। তাদের বাড়ি নাল্লাপাড়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের পাশেই। তারা সাইকেল নিয়ে সকালে বাড়ি থেকে পাশের স্কুল এবং মাঠে খেলতে যায়। খেলা শেষে দুজন পাশের একটি দোকানে কলা খেয়েছিল। এরপর তারা গোসলে নামে। গোসলের সময় সম্ভবত সাত বছরের ফয়সাল পানিতে ডুবে যায়। এরপর ফয়সালকে উদ্ধার করতে যায় ১২ বছরের আব্দুর রহমান। ফয়সাল উদ্ধার করতে গিয়ে দুজনেই পানিতে ডুবে মারা যায়। এরপর পথচারীরা একজনকে ভাসমান দেখে। তাৎক্ষণিক স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

দেলদুয়ার থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।