৭ মার্চ উপলক্ষে মধ্যরাতে আওয়ামী লীগের মোমবাতি প্রজ্বালন

শরীয়তপুরে ৭ মার্চ উপলক্ষে মধ্যরাতে মোমবাতি জ্বালিয়ে শেখ মজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলা সদরের অজ্ঞাত একটি স্থানে এ কর্মসূচি পালন করা হয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ছড়িয়ে পড়েছে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৩ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও একটি ফেসবুক পেজে আপলোড করা হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন।
ভিডিওতে দেখা যায়, কয়েকজন নেতাকর্মী মোমবাতি জ্বালিয়ে সমবেত হন এবং বিভিন্ন স্লোগান দেন। তবে ঠিক কোনো স্থানে এ কর্মসূচি পালিত হয়েছে ভিডিও দেখে তা নিশ্চিত হওয়া যায়নি।