বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিনকে সংবর্ধনা দিলেন চরমোনাই পীর

সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১৩৩ দেশকে পেছনে ফেলে ১৫ পারা বিভাগে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশি হাফেজ মো. নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
শনিবার (২২ আগস্ট) দুপুরে বরিশালের চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদে তার জন্য সংবর্ধনার আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলনের সহকারী মহসচিব শেখ ফজলুল করীম মারুফ জানান, হাফেজ নুরুদ্দিন জাকারিয়ার সাফল্যের কথা জেনে চরমোনাই পীর তাকে, তার বাবা মাওলানা নুরুল আমিন এবং তার উস্তাদ আর-রায়হান মাদ্রাসার প্রিন্সিপ্যাল মুফতি কাইয়ুম মোল্লাকে চরমোনাইতে আমন্ত্রণ জানান। আজ দুপুরে হাফেজ নুরুদ্দিনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন চরমোনাই পীর।
তিনি জানান, এই প্রতিযোগিতায় ৩০ পারা বিভাগে তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ মাহমুদুল হাসান আশরাফীকেও আমন্ত্রণ জানিয়ে সংবর্ধনা দেওয়া হবে। এ ছাড়াও একই প্রতিযোগিতায় নারী বিভাগে বিজয়ীদের কাছেও সংবর্ধনাপত্র পৌঁছানো হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে চরমোনাই পীর বলেন, বহু বছর ধরেই বাংলাদেশের তরুণ হাফেজরা বিশ্বের বিভিন্ন দেশে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়াসহ শীর্ষস্থান অর্জন করছেন। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের হারিয়ে তারা বাংলাদেশের নাম ও সম্মান উজ্জ্বল করছেন। এটা আমাদের জন্য গৌরবের।
তার মতে, হাফেজে কোরআনদের রাষ্ট্রীয় সম্মান দেওয়া উচিত। তাদের অর্জনকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় উদযাপন করে তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই), প্রিন্সিপাল মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, কেন্দ্রীয় মিডিয়া সেলের সমন্বয়ক হাসিব আর রহমান প্রমুখ।



