গাজীপুর সাফারি পার্কে দুই হাতির মৃত্যু

গাজীপুর সাফারি পার্কে নিজেদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত ‘রাজা বাহাদুর’সহ দুটি হাতির মৃত্যু হয়েছে। মৃত্যুর পর হাতি দুটিকে নিয়ম মেনে পার্কের ভেতরেই মাটিচাপা দেওয়া হয়েছে। দুটি হাতির মৃত্যুর পর বর্তমানে পার্কে হাতির সংখ্যা দাঁড়িয়েছে আটটিতে।
গত ৬ আগস্ট রাতে একটি এবং পরদিন ৭ আগস্ট সকালে চিকিৎসাধীন ‘রাজা বাহাদুর’ নামে হাতিটির মৃত্যু হয়।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে এ তথ্য জানিয়েছেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান। দুটি হাতির মৃত্যুর ঘটনায় শ্রীপুর থানায় নিয়ম অনুযায়ী পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি।
পার্ক কর্তৃপক্ষ জানায়, গত ২৪ মে পার্কের হাতিশালায় শিকলে বাঁধা ১০ বছর বয়সী রাজু বাহাদুরের ওপর ‘জয়িতা’ নামে অপর একটি হাতি হামলা চালায়। এতে রাজা বাহাদুর মাটিতে পড়ে গিয়ে একটি পা ভেঙে যায়। হাতিটিকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসায় একটি অভিজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়। পরে ৪ জুন থাইল্যান্ড থেকে আসা বিশেষজ্ঞ বন্যপ্রাণী চিকিৎসক দল এবং শ্রীলঙ্কার চিকিৎসকদের পরামর্শে চিকিৎসাসেবা দেওয়া হয়। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ৭ আগস্ট সকালে হাতিটি মারা যায়।
অন্যদিকে, ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে ৬ আগস্ট রাতে অপর হাতিটির মৃত্যু হয়। মৃত্যুর পর ময়নাতদন্ত ও দুটি হাতির দেহের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। পরবর্তীতে উচ্চপর্যায়ের অনুমতিক্রমে পার্কের ভেতরেই হাতি দুটিকে মাটিচাপা দেওয়া হয়।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ২০২৫ সালের জানুয়ারি মাসে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে ‘রাজা বাহাদুর’ নামে হাতিটিকে উদ্ধার করে সাফারি পার্কে হস্তান্তর করেছিল।
.png)


