logo

বাবা-মায়ের সঙ্গে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ

বাবা-মায়ের সঙ্গে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ
নিখোঁজ শিশুকে উদ্ধারে ডুবুরি দল। ছবি: এশিয়া পোস্ট

বরগুনার বিষখালী বাবা-মায়ের সঙ্গে নদীতে গোসল করতে নেমে ইহান (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সদর উপজেলার বড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে পটুয়াখালী থেকে আসা ডুবুরি দলও উদ্ধার অভিযানে অংশ নেয়। তবে সন্ধ্যা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ ইহান বরগুনা সদরের গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকার নজির হোসেন ও কুমকুম বেগম দম্পতির বড় ছেলে।

নিখোঁজ শিশুর চাচা ছগির হোসেন জানান, ইহান তার বাবা-মায়ের সঙ্গে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

বরগুনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ইমদাদুল হক বলেন, দুপুর ১টা ৫ মিনিটের দিকে শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে অভিযানে যোগ দেয় পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে নদীর বিভিন্ন স্থানে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যা হয়ে যাওয়ায় অভিযান সমাপ্ত করা হয়েছে। শনিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদৎ হাসনাইন পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে উদ্ধার অভিযানে সহায়তা করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানতে পেরেছি, বাবা-মায়ের সঙ্গে নদীতে গোসল করতে নেমে শিশু ইহান নিখোঁজ হয়েছে।