Advertisement

হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, শৌচাগারে দেখলেন সরকারি ওষুধ

এশিয়া পোস্ট নিউজ, বাগেরহাট
হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, শৌচাগারে দেখলেন সরকারি ওষুধ
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি : এশিয়া পোস্ট

হঠাৎ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে গিয়ে শৌচাগারেই ছড়িয়ে-ছিটিয়ে থাকা সরকারি ওষুধ দেখতে পান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ ঘটনায় ক্ষুদ্ধ মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এসব অব্যবস্থাপনা দেখতে পান।

পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় নানা অনিয়ম ও চরম অব্যবস্থাপনা প্রত্যক্ষ করে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের দেশের দরিদ্র মানুষ হাসপাতালের প্রয়োজনীয় ওষুধ পায় না, অথচ এখানে লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এমনকি হাসপাতালের শৌচাগারেও ছড়িয়ে-ছিটিয়ে সরকারি ওষুধ পাওয়া গেছে। এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ঘটনাস্থলেই সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কড়া নির্দেশ দেন তিনি। পরিদর্শনের পর তিনি হাসপাতালসংলগ্ন একটি বেসরকারি ক্লিনিকও সরেজমিনে ঘুরে দেখেন।

স্বাস্থ্যসেবা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করে মন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা পৌঁছে দিতে দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করা হচ্ছে। এরই অংশ হিসেবে অল্প সময়ের মধ্যেই মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার দরপত্র (টেন্ডার) প্রক্রিয়া শুরু হবে।

তিনি আরও বলেন, বিগত সরকারের সময় স্বাস্থ্য খাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছিল। সেই অবস্থা থেকে উত্তরণে বর্তমান সরকার চিকিৎসাসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে।

পরিদর্শনকালে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতিসহ সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয় :বাগেরহাট