গ্রেপ্তার এনসিপির তারেক রেজা ও যুবশক্তির অয়ন কারাগারে

ঝিনাইদহে গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তারেক রেজা ও যুবশক্তি নেতা অয়ন রহমান খানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। রোববার (২৪ মে) সন্ধ্যায় তাদের ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রোববার রাত সাড়ে ১০টায় ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তারেক রেজা ঝিনাইদহের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে অংশ নিতে এলে পুলিশ তাকে নিরাপত্তার স্বার্থে হেফাজতে নেয়। পরে তার বিরুদ্ধে মামলা থাকায় আদালতে সোপর্দ করা হয়।
একই সঙ্গে যশোর থেকে গ্রেপ্তার যুবশক্তির নেতা অয়ন রহমান খানকেও আদালতে হাজির করা হয়। তাকে গুম করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্য নাকচ করে পুলিশ জানায়, গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যেই তাকে আদালতে তোলা হয়েছে এবং পুরো প্রক্রিয়ায় তার পরিবারের সদস্যদের অবহিত রাখা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, ডিবি পুলিশ অয়নকে গ্রেপ্তারের পর থেকেই তার পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে। গুমের অভিযোগ সঠিক নয়।
প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান, ওসি (অপারেশন) শামসুজ্জোহা ও ডিবি পুলিশের ওসি সাব্বিরুল আলম উপস্থিত ছিলেন।
