Advertisement

আর্জেন্টিনার হারে ন্যাড়া করে সমর্থন ছাড়লেন কুড়িগ্রামের দুই তরুণ

এশিয়া পোস্ট নিউজ, কুড়িগ্রাম
আর্জেন্টিনার হারে ন্যাড়া করে সমর্থন ছাড়লেন কুড়িগ্রামের দুই তরুণ
আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়েন রোমান ও আল আমিন। ছবি: এশিয়া পোস্ট

ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের পরাজয়ে শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার। প্রিয় দলের এমন হার মেনে নিতে না পেরে কুড়িগ্রামের রাজারহাটে দুই তরুণ প্রকাশ্যে ন্যাড়া করে আর্জেন্টিনার সমর্থন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সোমবার (২০ জুলাই) সকালে তারা আর্জেন্টিনার সমর্থন ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। ঘটনাটির বেশকিছু ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, ঘটনাটি রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ি বিশ্বালের পাড়া এলাকার। ওই গ্রামের বাসিন্দা রোমান ও আল আমিন দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত। বিশ্বকাপ শুরুর পর থেকেই তারা বাড়ি ও আশপাশের এলাকায় আর্জেন্টিনার পতাকা টানানো, জার্সি পরে দলকে সমর্থন জানানো এবং প্রতিটি ম্যাচকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরিতে সক্রিয় ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফাইনাল ম্যাচকে ঘিরে তাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আর্জেন্টিনার সম্ভাব্য শিরোপা উদযাপনের জন্য আগেই নানা প্রস্তুতিও নিয়েছিলেন তারা। তবে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলের পরাজয়ের পর মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট।

খেলা শেষ হওয়ার পরই রোমান ও আল আমিন সকালে স্থানীয় একটি সেলুনে গিয়ে ন্যাড়া করেন। পরে প্রকাশ্যে ঘোষণা দেন, ভবিষ্যতে আর কখনো আর্জেন্টিনা দলের সমর্থন করবেন না।

স্থানীয়রা জানান, ফুটবলকে ঘিরে এমন আবেগ এর আগে এলাকায় খুব একটা দেখা যায়নি। তাদের মতে, এটি প্রিয় দলের পরাজয়ে হতাশার বহিঃপ্রকাশ। তবে অনেকেই মনে করছেন, খেলাধুলাকে কেন্দ্র করে অতিরিক্ত আবেগ প্রকাশ করা উচিত নয়।

এ বিষয়ে এলাকাবাসীর মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে নিখাদ ক্রীড়াপ্রেমের প্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, জয়-পরাজয় খেলাধুলারই অংশ; একটি দলের হারে ন্যাড়া করে সমর্থন ছাড়ার ঘোষণা অতিরিক্ত আবেগের প্রকাশ ছাড়া আর কিছু নয়।

এ বিষয়ে বক্তব্য জানতে রোমান ও আল আমিনকে একাধিকবার ফোন করা হলেও তারা ধরেননি।