পাবনায় ৬১১ বস্তা সার লুটের তদন্তে তিন সদস্যের কমিটি

পাবনার চাটমোহরে সরকারি সার বিতরণকে কেন্দ্র করে হট্টগোল ও ভাঙচুরের পর ৬১১ বস্তা সার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে। অন্য দুই সদস্য হলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সাখাওয়াত হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনার অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. লুৎফর রহমান।
অফিস আদেশে বলা হয়েছে, চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের ছাইকোলা বাজারে সারের গুদামে বিতরণ কার্যক্রম চলাকালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

এর আগে, সোমবার দুপুরে ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে সরকারি সার বিতরণের সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘর থেকে সরকারি সার বিতরণ করছিলেন ডিলার প্রদীপ কুমার পাল। এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত লোকজন ডিলারের টিনশেড ঘরটি ভাঙচুর করেন। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ সার নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।
পরে হিসাব করে দেখা যায়, গুদামে মোট ১ হাজার ১৮১ বস্তা সার ছিল। এর মধ্যে ১৭০ বস্তা বিতরণ করা হয়েছে, ৪০০ বস্তা মজুত রয়েছে এবং ৬১১ বস্তা সার লুট হয়েছে বলে দাবি করা হয়েছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাইকিং করে কৃষকদের নেওয়া সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, জেলায় সারের কোনো সংকট নেই। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

