logo

টঙ্গীতে পার্টি অফিস দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

টঙ্গীতে পার্টি অফিস দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

গাজীপুরের টঙ্গীতে পার্টি অফিস দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিম থানাধীন সাতাইশ এলাকায় সরকারি খাস জমিতে একটি পার্টি অফিস করেন বিএনপির কয়েকজন নেতাকর্মী। সেখানে বসেই নির্বাচনি কার্যক্রম পরিচালনা হতো।

গতকাল রাতে টঙ্গী পশ্চিম থানা এলাকার বেলাল ও তার পক্ষের লোকজন হামলা করলে সংঘর্ষ হয়। এতে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল লস্করসহ তার গ্রুপের কয়েকজন আহত হন। সংঘর্ষের সময় ওই পার্টি অফিসও ভাঙচুর করা হয়। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল লস্কর বলেন, এই এলাকায় বিএনপির কোনো অফিস ছিল না। পরে আমি সহযোগীদের নিয়ে অফিস তৈরি করি। নির্বাচনের পর বেলাল ও তার সহযোগীরা রাতে এসে পার্টি অফিসে আমার ওপর হামলা করেন। আমি আহত হয়েছি। আমি এর বিচার চাই। 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান জানান, বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একটি পক্ষ অভিযোগ দিয়েছে। সেটি তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।