logo

বাউল শিল্পী সুনীল কর্মকার মারা গেছেন

বাউল শিল্পী সুনীল কর্মকার মারা গেছেন

প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কয়েকদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন সুনীল কর্মকার। ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ময়মনসিংহ বাউল শিল্পী সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম আসলাম বলেন, প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকারের মৃত্যুতে এক অনন্য সম্পদ হারাল বাংলাদেশ। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সুনীল কর্মকারের মরদেহ দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত নগরীর টাউনহল শহীদ মিনারে রাখা হবে।

১৯৫৯ সালের ১৫ জানুয়ারি নেত্রকোনার কেন্দুয়ায় সুনীল কর্মকার জন্মগ্রহণ করেন। তিনি দীনেশ কর্মকার ও কমলা কর্মকার দম্পতির সন্তান। মাত্র সাত বছর বয়স থেকেই গানের সঙ্গে যুক্ত ছিলেন সুনীল কর্মকার। কেবল কণ্ঠ নয়, বেহালা, দোতারা, তবলা ও হারমোনিয়াম একাধিক বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী ছিলেন এ শিল্পী।

বিখ্যাত বাউল শিল্পী ওস্তাদ জালাল উদ্দিন খাঁর অসংখ্য গানে সুর বসিয়ে কণ্ঠ দিয়েছেন সুনীল কর্মকার। এর মধ্যে বহু জনপ্রিয় ও খ্যাতনামা গান রয়েছে। পাশাপাশি তার নিজের লেখা গানের সংখ্যাও কম নয়, প্রায় দেড়শো থেকে দুইশোর কাছাকাছি গান রচনা করেছেন সুনীল কর্মকার।